রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় ৯ বছর আগে স্ত্রী শাকির খাতুন সোমাকে হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. সাদেকীন হাবীব এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মনিরকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০০৩ সালে মনির হোসেন ও শাকির খাতুন সোমার বিয়ে হয়। ব্যবসার জন্য টাকার দাবিতে দীর্ঘদিন ধরে সোমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। বিভিন্ন সময়ে সোমার পরিবার মনিরকে ১১ লাখ টাকা দিলেও নির্যাতন বন্ধ হয়নি।
২০১৭ সালের ৬ অক্টোবর টাকার বিষয় নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মনির ছুরি দিয়ে সোমার গলায় আঘাত করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার দিনই নিহতের মা বাড্ডা থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মনিরকে গ্রেপ্তার করলে তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০১৭ সালের ডিসেম্বরে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ২০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
