চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের করা আবেদন শুনানির জন্য আগামী ২৭ জুলাই দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আবেদনটির শুনানি মুলতবি করেন। সরোয়ারকে জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখার আবেদনও এতে রয়েছে।
এর আগে ৯ জুলাই হাইকোর্ট সরোয়ারের প্রার্থিতা বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করলে ইসি তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে ওই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন জামায়াতের প্রার্থী।
আদালত জানিয়েছেন, আগামী ২৭ জুলাই চার সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আবেদনটির শুনানি অনুষ্ঠিত হবে।
