সৌদি আরব ওমরাহযাত্রীদের জন্য চালু করতে যাচ্ছে এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা। এই ভিসার মাধ্যমে ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং মোট সর্বোচ্চ ৯০ দিন অবস্থানের সুযোগ পাবেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ভিসাটি ইস্যুর দিন থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে যাওয়া-আসা করা যাবে। সৌদি ভিশন-২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। অর্থাৎ প্রতি বছর ১ জিলকদ থেকে ১৩ জিলহজ পর্যন্ত সময় এ ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মতে, নতুন ভিসা ব্যবস্থার ফলে ওমরাহ সফরের পরিকল্পনা আরও সহজ হবে। পাশাপাশি ডিজিটাল ও সমন্বিত সেবার মাধ্যমে ওমরাহযাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
