দেশে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতিদিন প্রায় চার হাজার হামে আক্রান্ত শিশু ভর্তি থাকছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা ও জনসচেতনতা বাড়ানো গেলে রোগীর চাপ কমানো সম্ভব।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৩৬ হাজার ৫৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৪ হাজার ১২১ জন রোগী। এছাড়া বাড়িতেও অনেক শিশু চিকিৎসা নিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, হাসপাতালগুলোতে এখনো পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি রয়েছে। অনেক হাসপাতালে নির্ধারিত শয্যার চেয়ে রোগী বেশি। রাজধানীর সরকারি সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের রোগীর জন্য ১০টি শয্যা থাকলেও শুক্রবার সেখানে ভর্তি ছিল ৫৪ জন।
রাজধানীর Bangladesh Shishu Hospital and Institute এ জানুয়ারি থেকে ১৪ মে পর্যন্ত ৬৪৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে ৮৫ শিশু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. মাহবুবুল হক জানান, সাধারণ রোগীর চাপ কিছুটা কমলেও আইসিইউতে চাপ কমেনি।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের হাম শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামে ও উপসর্গে মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে।
