চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধ কি না এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আগে দুই জ্যেষ্ঠ আইনজীবীর মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগীকে মনোনীত করেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ জুন দিন ধার্য করা হয়েছে।
আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে তার মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। তবে রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন এবং পরে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হন আসলাম চৌধুরী। তবে আপিল বিভাগের পূর্ববর্তী আদেশ অনুযায়ী মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত রয়েছে।
এখন দুই অ্যামিকাস কিউরির মতামত এবং পরবর্তী শুনানির পরই আসলাম চৌধুরীর শপথ গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
