বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই রাজনৈতিক বিতর্কে আলোচনায় এসেছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি ফিফাকে সতর্ক করে জানিয়েছেন, ইরানের ম্যাচ চলাকালে স্টেডিয়ামে সরকারি অনুমোদনহীন পতাকা প্রদর্শন বা জাতীয় দলের বিরুদ্ধে অপমানজনক স্লোগান দেওয়া হলে দল ম্যাচ বর্জন করতে পারে।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে ম্যাচকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় আয়োজকদের ‘প্রাইড ম্যাচ’ উদ্যোগের বিরোধিতা করে ইরান ও মিশর ফুটবল কর্তৃপক্ষ ফিফার কাছে সমকামিতা-সংক্রান্ত কোনো প্রচারণা বা কার্যক্রম না রাখার দাবি জানিয়েছে।
এর আগে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসের বাইরে বিক্ষোভকারীরা ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। একই সঙ্গে টুর্নামেন্ট শুরুর আগে ইরান ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দ কিছু টিকিট বাতিল করা হয়েছে বলে খবর পাওয়া গেছে, যা সমর্থকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।
