চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার শুনানি, সাক্ষ্য দিলেন ৯ জন

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় একদিনে ৯ সাক্ষীর জবানবন্দি

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় একদিনেই বাদী, ভুক্তভোগী শিশু ও তার স্বজনসহ নয়জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

বুধবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এসব সাক্ষ্য গ্রহণ করেন। এর আগে মঙ্গলবার মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরুর আদেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, মামলায় মোট ১৩ জন সাক্ষী রয়েছেন। এর মধ্যে বাদী, ভুক্তভোগী শিশু, তার নানা-নানিসহ ৯ জনের সাক্ষ্য একদিনেই গ্রহণ করা হয়েছে। বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত।

পুলিশ জানায়, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ মে নগরের বাকলিয়া এলাকার একটি গুদামকক্ষে চার বছর বয়সী শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার পরদিন অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top