ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর কংস নদ থেকে এক শিশুর (৫) মরদেহ উদ্ধারের ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে আটকের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, রোববার বিকেলে বাড়ির পাশ থেকে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় শিশুটির মরদেহ কংস নদে ভাসতে দেখা যায়। পরে মরদেহ গোসল করানোর সময় শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেন।

শিশু ধর্ষণ

তদন্তে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শিশুটিকে কৌশলে নদীর পাড়ে নিয়ে যৌন নির্যাতন করা হয়। পরে তাকে নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় সোমবার রাতে শিশুটির বাবা ধোবাউড়া থানায় মামলা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মারুফ মিয়া (১৯), আরিফ মিয়া (১৯) ও রাকিব মিয়া (২১)। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top