পরীক্ষা দিয়ে বের হতেই ,দুজনকে কুপিয়ে জখম ,
চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষা দিয়ে বের হওয়ার পর দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে অন্য পরীক্ষার্থীদের বিরুদ্ধে। রোববার দুপুরে উপজেলার বারইয়ারহাট কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বারইয়ারহাট কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান ও মুহাম্মদ মুনায়েম। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, জিহানের শরীরে ১৯টি এবং মুনায়েমের শরীরে ৩২টি সেলাই দিতে হয়েছে।

আহত জিহানের বাবা মোহাম্মদ আলমগীর অভিযোগ করেন, পরীক্ষা শেষে ফেরার পথে বিএম হাসপাতালের সামনে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের ১০ থেকে ১২ জন পরীক্ষার্থী ধারালো ক্ষুর দিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত জিহান জানান, গত এক সপ্তাহ ধরে কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে তাদের বিরোধ চলছিল। রোববার বিজ্ঞান পরীক্ষা শেষে বের হওয়ার পর হঠাৎ তাদের ওপর হামলা চালানো হয়।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হাসেন বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ খবর নিয়ে দেখছি।’
এ বিষয়ে জানতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের মোবাইলে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।
