ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় মধ্যস্থতায় আগ্রহী রাশিয়া ,
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, প্রয়োজন হলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় মস্কো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। তবে নিজেদের কোনো প্রস্তাব জোর করে চাপিয়ে দেওয়ার ইচ্ছা রাশিয়ার নেই।

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংকট সমাধানে রাশিয়া সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত এবং সংশ্লিষ্ট পক্ষগুলো এ বিষয়ে অবগত। উপযুক্ত অনুরোধ এলে মস্কো অবশ্যই সহযোগিতা করবে বলেও জানান তিনি।
রিয়াবকভ বলেন, রাশিয়া সবসময়ই রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের পক্ষে এবং এখনো সেই অবস্থানেই রয়েছে।
তিনি আরও জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার প্রচেষ্টাকে স্বাগত জানায় মস্কো। একই সঙ্গে পরিস্থিতি স্থিতিশীল করতে পাকিস্তানের সক্রিয় ভূমিকাও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি |
