চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাই জাহাজে নাবিক নিহত ,
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে দুই নাবিকের মধ্যে সংঘর্ষে এক থাই নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ‘এমভি কেপিপি-০১’ নামের জাহাজে এ ঘটনা ঘটে।

নিহত নাবিকের নাম রাফিফং ক্লাহান (৩০)। তিনি জাহাজটিতে অয়েলার পদে কর্মরত ছিলেন। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে অবস্থানরত জাহাজটিতে কর্মরত দুই থাই নাগরিকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে রাফিফং ক্লাহানকে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর জাহাজের অন্য নাবিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবার নাম সানিয়াপং কালাহান।
এ ঘটনায় অভিযুক্ত তুরাকর্ণ বুরুসিককে আটক করেছে পুলিশ। পতেঙ্গা ও আনোয়ারা থানা পুলিশের সমন্বয়ে তাকে থানায় নেওয়া হয়েছে। জাহাজটি সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ভাঙার জন্য আনা হয়েছিল বলে জানা গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের চৌধুরী বলেন, জাহাজে থাইল্যান্ডের এক নাবিকের মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
