তেল সংকটের ভোগান্তি কাটতে না কাটতেই রাজধানীর বিভিন্ন এলাকায় এবার তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস পাচ্ছেন না চালকরা। কোথাও কোথাও গ্যাস না থাকায় দিনের বেলায় স্টেশন বন্ধও রাখতে হচ্ছে।

গত দেড় থেকে দুই মাস ধরে ঢাকার অধিকাংশ সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেক স্টেশনে দিনে গ্যাস সরবরাহ বন্ধ থাকছে, রাতে কিছুটা চাপ বাড়লে তখন আবার গ্যাস দেওয়া হচ্ছে। এতে গাড়িচালকদের দিনে দুই থেকে তিনবার লাইনে দাঁড়াতে হচ্ছে।
চালকরা বলছেন, আগে একবার গ্যাস নিলেই সারাদিন চলত, এখন অর্ধেক গ্যাস নিয়েই বারবার স্টেশনে যেতে হচ্ছে। এতে সময় ও জ্বালানি দুটোরই অপচয় হচ্ছে।
অন্যদিকে, বাসাবাড়িতেও গ্যাস সংকটে দুর্ভোগ চরমে পৌঁছেছে। কেউ কেউ বৈদ্যুতিক চুলা বা এলপিজি ব্যবহার করছেন, আবার অনেকে বাসা বদলের কথাও ভাবছেন।
তিতাস গ্যাস সূত্র জানিয়েছে, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮শ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র ২ হাজার ৭শ মিলিয়ন ঘনফুট। চাহিদা ও সরবরাহের এই বড় ব্যবধানই সংকটের মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
