দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, ঢাকার বাইরে ১১টি
দেশে ক্যান্সার চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ১৭টি মেশিনের মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে। এতে স্থানীয় পর্যায়ে কম খরচে ক্যান্সার চিকিৎসার সুযোগ বাড়ার পাশাপাশি ঢাকার হাসপাতালগুলোর ওপর চাপ কমবে।

তিনি জানান, ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ঢাকার বাইরে চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশে রোবটিক সার্জারি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী ১০টি রোবটিক সার্জারি মেশিনের মধ্যে চলতি বছর পাঁচটি আনার পরিকল্পনা রয়েছে।
এদিকে পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতা বাড়াতে ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত দেশব্যাপী বছরব্যাপী ক্যাম্পেইন চালানোর কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। মাঠপর্যায়ে প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসরণ করে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি। ডেঙ্গুর ধরন পরিবর্তন ও ডেঙ্গু-পরবর্তী হৃদ্যন্ত্রের জটিলতার বিষয়টি বিবেচনায় চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
