চট্টগ্রাম আদালত ভবনে এজলাসের সামনে ভিকটিম নুরুল কবিরকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন প্রকাশ অপুকে (২৫) গ্রেফতার করেছে এসআরবি-৭। সোমবার নগরীর পাহাড়িকা আবাসিক এলাকার জিয়াউর রহমানের বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইলিয়াস হোসেন প্রকাশ অপু, নগরের পাঁচলাইশ থানার হাদু মাঝিপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে।

এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, কোতোয়ালী থানার মামলার প্রধান অভিযুক্ত অপু বায়েজিদ থানার পাহাড়ি আবাসিক এলাকায় অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি চট্টগ্রাম আদালতের এজলাসের সামনে নুরুল কবিরকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা হয়। গ্রেপ্তারের পর সিডিএমএস পর্যালোচনা করে অপুর বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
