আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় মাঠে নামছে এনসিপি, দেশজুড়ে বিক্ষোভের ডাক ,
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির যেকোনো তৎপরতা মোকাবিলায় আগামীকাল মঙ্গলবার সারাদেশে মাঠে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার’ দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় বলা হয়, আগামীকাল বিকেল ৫টায় দেশের প্রতিটি জেলা শহর ও মহানগরে দলটির নেতা–কর্মীরা বিক্ষোভ সমাবেশ করবেন।
এ বিষয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হুসাইন বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে। তাঁর দাবি, পরিস্থিতি বিবেচনায় নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।
এনসিপি নেতারা জানিয়েছেন, গণতান্ত্রিক আন্দোলন ও বিচার দাবির অংশ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং সারাদেশে শান্তিপূর্ণভাবে তা পালন করা হবে।
