আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে তখন ৯৫তম মিনিট। দলের জয় অনেকটাই নিশ্চিত, বাকি শুধু শেষ বাঁশি। সেই মুহূর্তেই নিজের দ্বিতীয় গোলটি করলেন লিওনেল মেসি। সাধারণত এমন সময় ফুটবলাররা ছুটে যান সতীর্থদের কাছে কিংবা কর্নার ফ্ল্যাগের সামনে।
মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। প্রশ্ন ওঠে, কে এই সাংবাদিক, যার সঙ্গে গোল উদ্যাপন করলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার?
সাংবাদিকটির নাম হোয়াকিন ব্রুনো। তিনি আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া চ্যানেল TyC Sports–এর প্রতিবেদক। ম্যাচ শেষে ব্রুনো জানান, ঘটনাটি এখনো তাঁর কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে।

ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও অস্ট্রিয়া সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। উত্তেজনাপূর্ণ সেই সময়ে গোলপোস্টের পেছনে একাই দায়িত্ব পালন করছিলেন ব্রুনো। তাঁর সহকর্মী অন্যত্র চলে যাওয়ায় মাঠের ওই অংশে তিনিই ছিলেন একমাত্র সাংবাদিক।
৯৫তম মিনিটে প্রথমে শট নেন হুলিয়ান আলভারেজ। অস্ট্রিয়ার গোলরক্ষক তা ফিরিয়ে দেন। তবে তৃতীয় সুযোগে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।
গোল হতেই আবেগ ধরে রাখতে পারেননি ব্রুনো। তিনি পরে লেখেন, “আমি পাগলের মতো চিৎকার করছিলাম, যেন কোনো সাংবাদিক নই, আর্জেন্টিনারই একজন সমর্থক।”
স্টেডিয়াম থেকেই প্রতিক্রিয়া জানিয়ে ব্রুনো বলেন, “আমি এখনো কাঁপছি। পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। লিও এখানে এসে দ্বিতীয় গোল উদ্যাপন করল এবং আমার সঙ্গে হাত মেলাল। এটা আমার সাংবাদিক জীবনের অন্যতম সেরা দিন।”
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “একজন আর্জেন্টাইন, একজন মেসি-ভক্তের জন্য এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এই মুহূর্ত আর ছবিটি আমি সারাজীবন মনে রাখব।”
কে এই হোয়াকিন ব্রুনো?
হোয়াকিন ব্রুনো আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকতার পরিচিত মুখ। তিনি ক্যারিয়ার শুরু করেন আর্জেন্টাইন ক্লাব Racing Club–এর সংবাদ কাভার করার মাধ্যমে। পরে জনপ্রিয় ফুটবল বিশ্লেষণমূলক অনুষ্ঠান “Presión Alta”-এর প্যানেলিস্ট হিসেবেও পরিচিতি পান।
বর্তমানে বিশ্বকাপে TyC Sports-এর হয়ে আর্জেন্টিনা দলের নিয়মিত কভারেজ করছেন তিনি। তবে এবারের বিশ্বকাপে তাঁর সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনো সংবাদ প্রতিবেদনে নয়, বরং সেই ছবিতে—যেখানে গোল করার পর লিওনেল মেসি এগিয়ে যাচ্ছেন তাঁর দিকেই।
