বিয়ে ও গায়েহলুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক ও অপচয় বন্ধে পূর্বে থাকা অতিথি নিয়ন্ত্রণ আইন পুনরায় কার্যকর করার আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

সোমবার (তারিখ) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বেলা তিনটায় সংসদের কার্যক্রম শুরু হয়।
আলোচনায় শাহাদাত হোসেন সেলিম বলেন, বিয়ে ও গায়েহলুদের অনুষ্ঠানে অতিরিক্ত খরচ, জাঁকজমক ও অপচয় রোধে পূর্বে থাকা অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করা গেলে সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চললে অপচয় কমবে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
শাহাদাত হোসেন সেলিম বলেন, অতীতের প্রকল্প বাস্তবায়নে ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির কারণে রাষ্ট্রীয় অর্থ অপচয় হয়েছে। সঠিক পরিকল্পনা ও সময়মতো বাস্তবায়ন হলে বাজেট বাস্তবায়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বন্দর ব্যবস্থাপনায় সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন এবং বিদেশি বিনিয়োগে “সবার আগে বাংলাদেশ” নীতি অনুসরণ করা উচিত।
প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা ও প্রণোদনার দাবি জানিয়ে তিনি বলেন, ৬৫ বছর বয়সের পর স্বাস্থ্য, ব্যাংকিং ও পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে আলাদা সুবিধা থাকা উচিত।
নিজ এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি লক্ষ্মীপুর অঞ্চলে রেলপথ নির্মাণ, সড়ক উন্নয়ন ও হাসপাতাল সম্প্রসারণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের দাবি জানান।
