বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
দেশজুড়ে তীব্র গরম কিছুটা কমলেও মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করতে পারে, ফলে আগামী ৫ দিনে বৃষ্টি আরও বাড়ার পূর্বাভাস রয়েছে।
রবিবার (৭ জুন) রাতের মধ্যেই ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রামসহ দেশের ১৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয় রয়েছে। একই সঙ্গে মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাত বাড়ায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
