চট্টগ্রামের মীরসরাই উপজেলায় একটি গ্যারেজে ভলকানাইজিংয়ের কাজে ব্যবহৃত এয়ার ট্যাংক বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, গ্যারেজের কর্মী ইউনুস (৩৫) ও মালিক ইমন হোসেন (২৫)। এর মধ্যে ইউনুস গুরুতর আহত। তাকে বড়তাকিয়া স্থানীয় রেডিয়েন্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
জানা যায়, মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখের কাছে একটি টায়ার মেরামতের দোকানে ট্যাংকে বাতাস ঢোকানোর সময় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় প্রায় ২০০ লিটারের ট্যাংকটি ৫০ ফুট ওপরে উঠে দোকানের ওপর পড়ে। বিস্ফোরণে গ্যারেজসহ পাশের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন আছেন।
