বাংলাদেশের পানি খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মূল্যায়ন, সুপেয় পানির প্রস্তুতি ও প্রকল্প ব্যবস্থাপনায় সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে ‘ফ্লোয়িং ফরওয়ার্ড’ কর্মসূচি শুরু হয়েছে। নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির এই কর্মসূচির পিপিপি ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধনে অংশ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
মঙ্গলবার চট্টগ্রামের আগ্রাবাদের একটি হোটেলে তিনটি পিপিপি ই-লার্নিং মডিউলের উদ্বোধন করা হয়। কর্মসূচিটি ‘পার্টনার্স ফর ওয়াটার’ ও নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত হচ্ছে।

এদিকে ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির সিইও গ্যাব্রিয়েল নুফম্যানের নেতৃত্বে একটি দল পতেঙ্গায় প্রস্তাবিত চট্টগ্রাম মেট্রোপলিটন স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের স্থান পরিদর্শন করেছে। প্রকল্পটি প্রতিদিন ৫০ মিলিয়ন লিটার বর্জ্য পানি পরিশোধন করে প্রায় ৫০ হাজার মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম জানে আলম বলেন, পরবর্তী ধাপে অংশগ্রহণকারীরা বাস্তব প্রকল্প নিয়ে কাজ করবেন এবং প্রকল্পের আর্থিক কাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা, দর-কষাকষি ও বেসরকারি অংশীদারদের কাছে প্রস্তাব উপস্থাপনের দক্ষতা অর্জন করবেন। তিনি আশা করেন, এই কর্মসূচি চট্টগ্রাম ওয়াসার পিপিপি প্রকল্প বাস্তবায়ন ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
