চট্টগ্রামে একযোগে অভিযানে আটক ৫ আওয়ামী লীগ নেতা

চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও হাটহাজারী উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

মিরসরাই থানার পুলিশ উপজেলার মিঠানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম আবু তাহের ভূঁইয়াকে (৬৯) একটি মামলায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আবদুল করিম সাবুকে (২৮) রবিবার গভীর রাতে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল-সমাবেশে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকেও আদালতে পাঠানো হয়েছে।

এদিকে সোমবার সকালে সীতাকুণ্ডের ছলিমপুর বাইপাস এলাকায় নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিলের চেষ্টাকালে পুলিশের টহল দল অভিযান চালিয়ে রায়হান উদ্দীন, মো. জাহেদ ও মহসিন আরফাত নামে তিন যুবককে গ্রেফতার করে। তাদের মধ্যে জাহেদ রাউজান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top