কালো ডার্বি হ্যাট, টুথব্রাশের মতো গোঁফ আর হাতে ছড়ি—চার্লি চ্যাপলিনের পরিচিত সাজে রোববার সুইজারল্যান্ডে জড়ো হন ৪২৯ জন ভক্ত। লক্ষ্য ছিল বিশ্বরেকর্ড গড়া, তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

পশ্চিম সুইজারল্যান্ডের কর্সিয়ে-সুর-ভেভেতে অবস্থিত চার্লি চ্যাপলিনের সাবেক বাসভবনের সামনে এই ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করা হয়। বর্তমানে বাসভবনটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। জাদুঘরের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সব বয়সী চ্যাপলিনপ্রেমীরা অংশ নেন।
আয়োজকদের লক্ষ্য ছিল চার্লি চ্যাপলিনের সাজে একস্থানে সবচেয়ে বেশি মানুষ জড়ো করার রেকর্ড গড়া। তবে ২০১৭ সালে একই স্থানে গড়া ৬৬২ জনের রেকর্ড অতিক্রম করতে পারেননি তারা।
রেকর্ড ভাঙা না গেলেও উৎসবের আমেজে কোনো ঘাটতি ছিল না। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ৩৬ বছর বয়সী অভিনেতা অঁতোনি শঁপেইয়, যিনি প্রায়ই মঞ্চে চ্যাপলিনের চরিত্রে অভিনয় করেন। তিনি বলেন, “আমি সত্যিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। চ্যাপলিনকে ভালোবাসেন এমন মানুষের সঙ্গে এখানে থাকতে পেরে আমি আনন্দিত।”
লোজান শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত ম্যানোয়ার দ্য বান এস্টেটে জীবনের শেষ ২৫ বছর কাটিয়েছিলেন চার্লি চ্যাপলিন। স্ত্রী উনা ও সন্তানদের নিয়ে তিনি ১৯৭৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই বসবাস করেন।
