ওমানে গাড়ির ভেতর মিলল চার ভাইয়ের নিথর দেহ

ওমানে গাড়িতে চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার, বাড়ি রাঙ্গুনিয়ায়

ওমানে বিয়ের কেনাকাটা করতে বের হওয়ার পর একটি গাড়ি থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে দেশটির আল মিলিদ্দা আল মোছানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়া এলাকার প্রয়াত আবদুল মজিদের ছেলে মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা : মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ
নিহতরা: মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ

স্বজনরা জানান, ছোট দুই ভাই সিরাজ ও শহিদের আগামী শুক্রবার দেশে ফেরার কথা ছিল। দেশে এসে তাদের বিয়ের প্রস্তুতিও চলছিল। এ উপলক্ষে চার ভাই একসঙ্গে কেনাকাটা করতে বের হন।

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী জানান, নিহতদের একজনের পাঠানো একটি ভয়েস বার্তায় তারা গাড়ির ভেতরে অসুস্থ হয়ে পড়ার কথা উল্লেখ করেন। তারা গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেও বের হতে পারেননি। পরে এক বাংলাদেশি গাড়ির ভেতরে তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাদের মৃত উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, গাড়ির এসির গ্যাস বিস্ফোরণ বা বিষক্রিয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে দুই ভাই বিবাহিত ছিলেন। তাদের পরিবার-পরিজন এখন গভীর শোকে মুহ্যমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top