হামের সংক্রমণ ও উপসর্গে দেশে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসের কিছু বেশি সময়ে হামে ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৭ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৬ জুন শিশুমৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছিল। মাত্র ২৬ দিনের ব্যবধানে সেই সংখ্যা প্রায় ৮০০–তে পৌঁছেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটে দুইজন, রাজশাহীতে একজন এবং ময়মনসিংহে একজন রয়েছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ জন শিশু। তাদের মধ্যে পরীক্ষায় ১৩০ জনের হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ১ লাখ ৩৪ হাজার ১৫৬ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৪ হাজার ৭০৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ জন শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৮ হাজার ৪১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
