অ্যাম্বুলেন্সে করে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক এমপি ফজলে করিমকে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে বুধবার সকালে অ্যাম্বুলেন্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। তবে অসুস্থতার কারণে বিচারকাজ চলাকালে তাঁকে এজলাসের কাঠগড়ায় তোলা হয়নি। তিনি পুরো সময় অ্যাম্বুলেন্সেই অবস্থান করেন।

বিচার কার্যক্রম শেষে বেলা আড়াইটার দিকে তাঁকে বহনকারী অ্যাম্বুলেন্স ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় মোট ২২ জন আসামি রয়েছেন। এর মধ্যে ফজলে করিমসহ পাঁচজন গ্রেপ্তার এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৭ জন পলাতক।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, অসুস্থ ফজলে করিম বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকেই তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়।
এদিন তাঁর আইনজীবী অব্যাহতির পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করলেও তা শেষ হয়নি। আগামী রোববার এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
মামলায় ২০২৪ সালের জুলাইয়ে চট্টগ্রামে ছয়জনকে হত্যাসহ শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে। ২২ আসামির বিরুদ্ধে মোট তিনটি অভিযোগে বিচার কার্যক্রম চলছে।
