জুলাইয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত
জুলাই মাসের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি জানান, আগামী জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। তাদের এই সফরের পর চলমান বিষয়গুলোতে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বয়োজ্যেষ্ঠ, অসুস্থ ও বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়তামূলক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা জোরদারের কাজ চলছে।
এ ছাড়া প্রবাসীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা, রাতের ফ্লাইটের যাত্রীদের নিরাপদ যাতায়াত এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
