বিশ্বকাপ খেলতে মেক্সিকোর টিহুয়ানায় পৌঁছেছে ইরান দল
ফিফা বিশ্বকাপে অংশ নিতে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিহুয়ানায় পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। তুরস্কে তিন সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে রবিবার ভোরে দলটি সেখানে অবতরণ করে।
যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা জটিলতা ও অনিশ্চয়তার কারণে ইরান ফুটবল ফেডারেশন শেষ মুহূর্তে তাদের বেইস ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোর টিহুয়ানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। ফেডারেশনের দাবি, কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও ম্যানেজারকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি।

গত কয়েক মাসের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দলটি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। ‘জি’ গ্রুপে থাকা ইরান ১৫ জুন নিউজিল্যান্ড, ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে।
