ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১; বাড়তে পারে প্রাণহানি
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে সোমবার সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। তবে উদ্ধারকাজ চলমান থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলো সুনামি সতর্কতা জারি করেছে।
পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি ভবন ও ঘরবাড়ি ধসে পড়েছে। জেনারেল সান্তোস শহরসহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, এটি সাম্প্রতিক সময়ে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।
এদিকে ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরও কয়েকজনের মৃত্যুর তথ্য যাচাই করছে। ভূমিকম্পের কারণে এক মিটারের বেশি উচ্চতার সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা।
ভূমিকম্পপ্রবণ ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এবারও সেই অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে।
