দেশের উচ্চশিক্ষাকে আধুনিক, দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন একটি শিক্ষাকাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত কাঠামোতে শিক্ষাকে চার ভাগে ভাগ করা হয়েছে—৪০ শতাংশ একাডেমিক শিক্ষা, ৩০ শতাংশ ব্যবহারিক ও পেশাগত দক্ষতা, ২০ শতাংশ ইন্টার্নশিপ ও ফিল্ডওয়ার্ক এবং ১০ শতাংশ উদ্যোক্তা উন্নয়ন, সফট স্কিল ও ক্যারিয়ার উন্নয়ন।
তিনি আরও বলেন, ডিগ্রিভিত্তিক শিক্ষা নয়, বরং দক্ষ মানবসম্পদ তৈরিই সরকারের মূল লক্ষ্য। এজন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক অংশীদারিত্ব বাড়ানোর পরিকল্পনাও রয়েছে, যাতে শিক্ষার্থীরা বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে।
