উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী ও দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারলে দেশে ও বিদেশে থাকা সব বাংলাদেশিই এর সুফল পাবেন।

বুধবার সন্ধ্যায় জাপানের টোকিওর নিউ ওতানি হোটেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষ জনশক্তি তৈরি ও জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে উপজেলা হাসপাতালের শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা ও নারী-শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। প্রস্তাবিত নিয়োগে অন্তত ৮০ শতাংশ নারী রাখার পরিকল্পনা রয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তারেক রহমান বলেন, দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনশক্তির দক্ষতা বাড়াতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রবাসে থাকলেও দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রত্যেকের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top