সৌদিগামী ১২৬ ফ্লাইটে বিঘ্ন, ১০ দিনে ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে গত ১০ দিনে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১২৬টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী। বিঘ্নিত ফ্লাইটের মধ্যে ৫৯টি সরাসরি এবং ৬৭টি ট্রানজিট রুটের।

সোমবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগের দিন ১১৮টি ফ্লাইটে বিঘ্ন এবং ১৮ হাজার ৩৬২ জন যাত্রীর ভোগান্তির তথ্য জানিয়েছিল সংস্থাটি।
বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট চালু এবং মদিনা রুটে বড় উড়োজাহাজ ব্যবহারের মাধ্যমে আসনসংখ্যা বাড়িয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে। দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে চালুর পরিকল্পনা থাকলেও তা বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতির ওপর নির্ভর করছে। এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের রিয়াদগামী ফ্লাইটও ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা রয়েছে।
