জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: এনবিআরের সাবেক কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁর অবৈধভাবে অর্জিত ১ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার ৫২২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জামিনে থাকা শ্যামল কৃষ্ণ দাস। পরে তাঁকে সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালের ২৩ মে দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ বাদী হয়ে মামলা করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ এপ্রিল দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার চলাকালে আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য ও শুনানি শেষে আদালত এ রায় দেন।
