ঈদযাত্রা সামনে রেখে পাহাড়তলীতে বগি মেরামতে ব্যস্ততা

ঈদযাত্রা সামনে রেখে পাহাড়তলীতে বগি মেরামতে ব্যস্ততা ,

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রেলওয়ে পূর্বাঞ্চলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় বেড়েছে কর্মব্যস্ততা। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ট্রেনের জন্য ১২৪টি অতিরিক্ত বগি মেরামতের কাজ চলছে দিনরাত। এর মধ্যে ইতোমধ্যে ৯৯টি বগির মেরামত শেষ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, ঈদযাত্রায় বাড়তি যাত্রী পরিবহনের জন্য মাসখানেক আগেই বগি মেরামতের কাজ শুরু করা হয়। আগামী সপ্তাহের মধ্যে অবশিষ্ট বগিগুলোর কাজ শেষ করে পরিবহন বিভাগে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

শ্রমিকরা জানান, কোরবানির ঈদে ঘরমুখো মানুষের চাপ তুলনামূলক বেশি থাকে। এজন্য আগেভাগেই অতিরিক্ত কোচ প্রস্তুতের কাজ শুরু হয়েছে। এতে ঈদের আগে যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করছেন তারা।

রেলওয়ের পরিবহন বিভাগ জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও আন্তঃনগর ও মেইল ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ রুটে চালানো হবে বিশেষ ‘ঈদ স্পেশাল’ ট্রেন।

পাহাড়তলী রেলওয়ে কারখানার তত্ত্বাবধায়ক মোস্তফা জাকির হাসান বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে দ্রুতগতিতে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব বগি মেরামত সম্পন্ন হবে বলে আশা করছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top