চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন কর্মকর্তার মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ,
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভারতীয় নাগরিক এবং সহকারী হাইকমিশনের সহকারী সিকিউরিটি (প্রটোকল) হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ (মিডিয়া ও জনসংযোগ) জানান, নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী সিকিউরিটি (প্রটোকল) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভারতীয় নাগরিক। খবর পেয়ে খুলশি থানা পুলিশ বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে .
