প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নির্বিঘ্ন রাখতে এবং জনস্বার্থে পূর্বের আদেশের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতামাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা সংশোধিত তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট বা পুনঃইস্যুর জন্য আবেদন করতে পারবেন।

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

এর আগে ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আদেশ অনুযায়ী এ সুবিধার মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত ছিল। সর্বশেষ প্রজ্ঞাপনে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ইতোমধ্যে এটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিশ্বের বিভিন্ন বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন সময়সীমার ফলে যেসব প্রবাসী নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংশোধনের আবেদন করতে পারেননি, তারাও এখন প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন। এতে প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top