ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন, পরিসংখ্যানে কে এগিয়ে?
বিশ্ব ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচের অপেক্ষার অবসান হচ্ছে আজ। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ সালের বিশ্বজয়ী স্পেন। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই লড়াই।

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ট্রফি ঘরে তুলতে চায় স্পেন।
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়েও দুই দলের লড়াই বেশ কাছাকাছি। আর্জেন্টিনা রয়েছে শীর্ষে, আর তাদের ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে স্পেন। মুখোমুখি পরিসংখ্যানেও নেই কোনো স্পষ্ট আধিপত্য। এখন পর্যন্ত ১৪ দেখায় দুই দলই জিতেছে ছয়টি করে ম্যাচ, বাকি দুটি ড্র হয়েছে।
সাম্প্রতিক ফর্মে অবশ্য এগিয়ে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে স্কালোনির দল। অন্যদিকে স্পেনও একটি ড্র ছাড়া বাকি সব ম্যাচ জিতে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে।
দুই দলের শক্তি, ফর্ম ও পরিসংখ্যান বিবেচনায় ফাইনালটি হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। তাই মেটলাইফ স্টেডিয়ামে শেষ পর্যন্ত কে বিশ্বচ্যাম্পিয়ন হবে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষা।
