চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন এলাকায় বৈদ্যুতিক খুঁটির কাঠের ক্রসআর্ম ভেঙে বিদ্যুতের তার ধানক্ষেতে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পূর্ব ভূজপুরের মীরখিল কারিগরপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ হাশেম (৫০) এবং একই এলাকার পশ্চিমপাড়ার মৃত মাহবুল আলমের ছেলে মোহাম্মদ ইউনুস (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই কৃষক ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় পাশের একটি বৈদ্যুতিক খুঁটির কাঠের ক্রসআর্ম ভেঙে বিদ্যুতের তার কাদাপানিতে পড়ে যায়। এতে জমির পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি বুঝতে না পেরে তারা পানিতে নামলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর বিদ্যুৎ বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়ায় দীর্ঘ সময় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে এ অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফটিকছড়ি জোনাল অফিসের এজিএম আশিক মাহমুদ সুমন বলেন, দুর্ঘটনার পরপরই লাইন ট্রিপ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পুরোনো লাইনের কাঠের ক্রসআর্ম ভেঙে এ দুর্ঘটনা ঘটেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিহত দুই কৃষকের পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
