কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালাক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালাককে মৃত ঘোষণা করেন। নিহত
ইমাম হোসেন (৩৯) উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার শামসুল আলমের ছেলে। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চালকের মৃত্যু হয়। আহত অপর দুজনের অবস্থাও সংকটাপন্ন।
দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
