সন্দ্বীপে সাগরভাঙনের কবলে গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের উপকূলে সাগরভাঙনের কারণে বিদ্যুৎ সরবরাহের গুরুত্বপূর্ণ দুটি ৩৩ কেভি সাবমেরিন কেবলের অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। এতে কেবল ক্ষতিগ্রস্ত হওয়া, চুরি এবং পুরো দ্বীপে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

পিডিবি সূত্র জানায়, সন্দ্বীপ চ্যানেলের তলদেশ দিয়ে স্থাপিত কেবল দুটি বাউরিয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় প্রায় ৪০ ফুট অংশে দৃশ্যমান হয়ে গেছে। উন্মুক্ত কেবলগুলোর ওপর স্থানীয়দের চলাচল ও ছবি তোলার ঘটনাও ঘটছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে।

সন্দ্বীপে সাগরের ভাঙনে উন্মুক্ত দুটি সাবমেরিন কেবল, ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা

২০১৮ সালে ১৪৪ কোটি টাকা ব্যয়ে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহের জন্য এই সাবমেরিন কেবল স্থাপন করা হয়। বর্তমানে প্রায় ৫৩ হাজার গ্রাহক এ লাইনের মাধ্যমে বিদ্যুৎ পাচ্ছেন।

পিডিবি জানিয়েছে, দেশে এ ধরনের সাবমেরিন বিদ্যুৎ কেবল মেরামতের অভিজ্ঞতা না থাকায় পরিস্থিতি মোকাবিলায় তারা বিপাকে পড়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহযোগিতা চাওয়া হলেও ভাঙনকবলিত এলাকায় কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাটি।

বিশেষজ্ঞদের মতে, কেবল ক্ষতিগ্রস্ত হলে বিদ্যুৎ লিকেজ, নৌযানের আঘাতে বিচ্ছিন্ন হওয়া কিংবা পুরো সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার মতো ঝুঁকি রয়েছে। তাই দ্রুত কারিগরি সমাধান ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top