ঈদের আগে-পরে ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১, আহত ৮৩৭
ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিনে দেশে ২৮১ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ৮৩৭ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন ২২ জন।

বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সারা দেশে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
এ সময় ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর বড় একটি অংশ। এছাড়া দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ২২টি রেল দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং চালকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে।
