যুবদল নেতার কার্যালয়ে আসেন দুই কর্মী, কিছুক্ষণ পরই গুলিতে প্রাণ গেল একজনের

সীতাকুণ্ডে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত আরেকজন

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম (২২) নামে আরেক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জাবেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামে স্থানীয় যুবদল নেতা সাদ্দাম হোসেনের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুজনই সাদ্দামের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।

গুলিতে নিহত তারেক হোসেন ও আহত তাফসির আলম (বাঁ থেকে)

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ৫৫ মিনিটে তারেক ও তাফসির মোটরসাইকেলে করে কার্যালয়ে আসেন। এর কিছুক্ষণ পর তাঁদের ওপর গুলি চালানো হয়। তবে ফুটেজে গুলির দৃশ্য দেখা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, তারেককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মরদেহ মর্গে রাখা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, যুবদলের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। হামলার পর দুর্বৃত্তরা হতাহতদের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top