
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গাছের ডাল কাটার সময় পা পিছলে মাটিতে পড়ে সৈয়দ রফিক আহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পারুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
নিহতের স্বজনদের বরাতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ওমর ফারুক জানান, সোমবার সকালে নিজ বাড়িতে একটি গাছের ডাল কাটতে ওঠেন রফিক আহাম্মদ। ডাল কাটা শেষে নিচে নামার সময় হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষায় তার অবস্থা আশংকাজনক মনে হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
