মিরসরাইয়ে ৩৯৫ কেজি ইলিশসহ কাভার্ড ভ্যান আটক, একজনের কারাদণ্ড
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ৩৯৫ কেজি ইলিশসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আবু তাহের নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
জব্দ করা ইলিশ ২৮টি এতিমখানা, উপস্থিত ২৭ জন দুস্থ ব্যক্তি এবং মিরসরাই ইউনিয়নের পশ্চিম কিসমত জাফরাবাদ আশ্রয়ণ প্রকল্পের ৯১টি দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা সুলতানা লিনা ও যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম উপস্থিত ছিলেন।
