ফিলিপাইনের লেইতে প্রদেশের তাকলোবান সিটিতে একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকালে সান হোসে ন্যাশনাল হাই স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে, যাদের উভয়েই ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তাদের একজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
প্রেসিডেন্টের মুখপাত্র ক্লেয়ার কাস্ত্রো বলেন, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সন্দেহভাজনদের আটক করেছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
ফিলিপাইনে স্কুলে গুলির ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে দেশটিতে প্রাদেশিক রাজনীতিকে কেন্দ্র করে লক্ষ্যভিত্তিক সহিংসতা ও গুলিবর্ষণের ঘটনা প্রায়ই ঘটে। এর আগে ২০২২ সালে রাজধানী ম্যানিলার একটি বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছিলেন। দেশটিতে অস্ত্র রাখার আইন কঠোর হলেও অবৈধ অস্ত্রের বড় একটি বাজার রয়েছে।
