ফটিকছড়িতে পাশাপাশি দুই বিদ্যালয়ে অগ্নিসংযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ফটিকছড়িতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের ফটিকছড়িতে পাশাপাশি অবস্থিত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠান দুটি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বুধবার (৪ নভেম্বর) মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু কামাল বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডলু উচ্চ বিদ্যালয়ে গত সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের সামনে এবং উচ্চ বিদ্যালয়ের টিনের চালায় আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, বিদ্যালয় দুটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে সেখানে প্রায় ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে টিনশেড ভবন দুটি পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল। এর আগে বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙে সরঞ্জাম চুরির ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, এলাকার একটি মাদকসেবী চক্র এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় বিদ্যালয় দুটি আগুনের লক্ষ্যবস্তু হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top