পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: যুবকের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় আট বছর বয়সী শিশু মো. সোহাগকে হত্যার দায়ে মো. ইমন হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়। তবে রায় ঘোষণার সময় ইমন আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৮ মার্চ দুপুরে পতেঙ্গার খালপাড় এলাকায় বন্ধুদের সঙ্গে খেলছিল শিশু সোহাগ। এ সময় বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে চেয়ারম্যান গলির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান রিকশাচালক ইমন। সেখানে অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে বের হওয়ার চেষ্টা করলে ইট দিয়ে আঘাত করে সোহাগকে হত্যা করেন তিনি।
সন্ধ্যায় পরিবারের সদস্যরা ওই ঘর থেকে সোহাগের মরদেহ উদ্ধার করেন। পরে পাঁচ বছর বয়সী এক শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইমনকে শনাক্ত করে গ্রেপ্তার করে। এ ঘটনায় সোহাগের বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১৮ সালের ১০ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১৯ সালের ২৭ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।
