না ফেরার দেশে একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী

না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী ,

বাংলা সাহিত্যের আকাশ থেকে ঝরে পড়ল আরেকটি উজ্জ্বল নক্ষত্র। একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্যিক আল মুজাহিদী আর নেই। শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

পারিবারিক সূত্র জানায়, শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একাধিকবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি কিডনি জটিলতা ও সংক্রমণে ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নেন এই বরেণ্য কবি।

কবি আল মুজাহিদীর মৃত্যুতে সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি কবিতা, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক।

১৯৪৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলে জন্ম নেওয়া আল মুজাহিদী অল্প বয়স থেকেই সাহিত্যচর্চা শুরু করেন। ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম প্রধান কণ্ঠ হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। মাটি, মানুষ ও গ্রামীণ জীবনের আবেগঘন উপস্থাপনার কারণে তিনি ‘মৃত্তিকার কবি’ নামে খ্যাতি পান।

আগামীকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top