৬ মাসে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
দেশে শিশুচিকিৎসা সেবার পরিধি বাড়াতে আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর এবং কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে বরিশাল ও খুলনা শিশু হাসপাতাল আগামী আগস্টেই কার্যক্রম শুরু করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালগুলোতে আধুনিক আইসিইউ, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়ের টেন্ডার সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দীর্ঘদিন অব্যবহৃত থাকা শিশু হাসপাতালগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাসপাতালগুলো পূর্ণাঙ্গভাবে চালু করতে বিপুল জনবলের প্রয়োজন হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মী নিয়োগের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের মতে, নতুন পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হলে রাজধানীকেন্দ্রিক চাপ কমবে এবং বিভাগীয় পর্যায়ে শিশুদের উন্নত চিকিৎসা পাওয়া আরও সহজ হবে।
