নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে নানা সমীকরণ
দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-এর শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। আর ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে স্কটল্যান্ড।

গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। শীর্ষস্থান ধরে রাখতে হলে ব্রাজিলকে মরক্কোর সমান বা তার চেয়ে ভালো ফল করতে হবে। একই সঙ্গে গোল ব্যবধানেও এগিয়ে থাকতে হবে সেলেসাওদের।
অন্যদিকে হাইতির বিপক্ষে জয় বা ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হবে মরক্কোর। তবে ব্রাজিল পয়েন্ট হারালে কিংবা গোল ব্যবধানে পিছিয়ে পড়লে গ্রুপের শীর্ষস্থান দখল করতে পারে আফ্রিকান দলটি।
স্কটল্যান্ডের জন্য সমীকরণ আরও কঠিন। সরাসরি নকআউট পর্বে যেতে হলে ব্রাজিলকে হারাতেই হবে তাদের। পাশাপাশি মরক্কোকে হাইতির বিপক্ষে পয়েন্ট হারাতে হবে। এমন হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও পাবে স্কটরা।
গ্রুপ সি-এর চ্যাম্পিয়ন শেষ ৩২-এ খেলবে গ্রুপ এফ-এর রানার-আপের বিপক্ষে। আর রানার-আপ দল মুখোমুখি হবে গ্রুপ এফ-এর শীর্ষ দলের।
