দৌলতদিয়ায় নদীতে পড়ে বাস, প্রাণহানি এড়াল যাত্রী নামানোয়

দৌলতদিয়ায় নদীতে পড়া বাস উদ্ধার, অল্পের জন্য রক্ষা ৪০ প্রাণ ,

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি প্রায় আড়াই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটিকে নদী থেকে তুলে ঘাটে থাকা একটি ফেরিতে নিয়ে আসে।

সকালে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাম ভেঙে নদীতে পড়ে যায়। তবে ফেরিতে ওঠার আগেই বাসের ৩৭ জন যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়। চালক ও তাঁর সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসচালকের দাবি, ফেরিতে ওঠার সময় হঠাৎ ব্রেক বিকল হয়ে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাম ভেঙে নদীতে পড়ে যায়। অন্যদিকে কয়েকজন যাত্রী জানান, প্রথমে তারা বাস থেকে নামতে না চাইলেও নৌ পুলিশের অনুরোধে নেমে যান। এর কিছুক্ষণের মধ্যেই ঘটে দুর্ঘটনা।

ঘটনার পর বাসে থাকা মালামাল উদ্ধারের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, যথাযথ প্রমাণের ভিত্তিতে মালামাল যাত্রীদের কাছে ফেরত দেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

উল্লেখ্য, একই ঘাটে চলতি বছরের মার্চ মাসে আরেকটি বাস নদীতে পড়ে ২৬ জনের প্রাণহানি ঘটেছিল। এবার যাত্রীদের আগে নামিয়ে দেওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রায় ৪০ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top